
২২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হচ্ছে আগরতলার হাওড়া রিভার ফ্রন্ট, প্রস্তুতি খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে চলেছে আগরতলার হাওড়া নদীর তীরে গড়ে ওঠা রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই প্রকল্পের উদ্বোধন করবেন।আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের উদ্যোগে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্পে স্টিল ব্রিজ থেকে দশমীঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার নদীতীরজুড়ে সৌন্দর্যায়ন ও আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এখানে বিনোদন, শরীরচর্চা ও পর্যটনের জন্য একাধিক সুবিধা তৈরি করা হয়েছে।শুক্রবার উদ্বোধনের আগে প্রকল্পের যাবতীয় প্রস্তুতি পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান, সব প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং নির্ধারিত দিনেই রিভার ফ্রন্ট সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে।



