
সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটনার প্রতিবাদে জিবিতে RDA-র অবস্থান বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: জিবি হাসপাতালের মেডিসিন ওপিডিতে কর্তব্যরত এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সরব হলো রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (RDA)। চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত সুরক্ষার দাবিতে সংগঠনের পক্ষ থেকে কলেজের প্রিন্সিপালের অফিসের সামনে অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়।সংগঠনের পক্ষ থেকে কলেজ প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে ভাইরাল ভিডিও সরিয়ে সংশোধনী ও ক্ষমা প্রার্থনা, সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কথিত মিডিয়া ট্রায়াল বন্ধ, হাসপাতালের রোগী পরিষেবা এলাকায় অনুমতি ছাড়া ছবি ও ভিডিও করা নিষিদ্ধ করা, মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং হাসপাতালের নিরাপত্তায় SIS-এর পরিবর্তে TSR জওয়ান মোতায়েন।RDA-র দাবি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।



