
১৮তম স্টেট রোড সেফটি কাউন্সিলের বৈঠক, রাহ-বীর পুরস্কারে সম্মানিত ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং পথ দুর্ঘটনা কমানোর লক্ষ্যে বুধবার আগরতলায় অনুষ্ঠিত হল ১৮তম স্টেট রোড সেফটি কাউন্সিলের বৈঠক। ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে সচিবালয়ে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।বৈঠকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পথচারী ও যানবাহন চালকদের নিরাপত্তা এবং রাজ্যে নিরাপদ সড়ক পরিবেশ গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুর্ঘটনার সময় মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজনকে রাহ-বীর পুরস্কারে সম্মানিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্বে, শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, অর্থ দপ্তরের সচিব প্রশান্ত গোয়েল, এসপি ট্রাফিকসহ অন্যান্য আধিকারিকরা। এদিন রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গেও ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।



